ফরিদপুরে সাংবাদিকতায় নারী নেতৃত্বের নতুন দিগন্ত: বর্ণাঢ্য আয়োজনে ‘সদরপুর প্রেস’-এর যাত্রা শুরু

রায়হান মিয়া, সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুরে সাংবাদিকতার ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও গৌরবের অধ্যায়। নারী সাংবাদিক ফৌজিয়া আক্তারের বলিষ্ঠ নেতৃত্বে আত্মপ্রকাশ করলো নতুন সাংবাদিক সংগঠন ‘সদরপুর প্রেস’। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে সদরপুরস্থ ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের হল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শরীফ শাওন।
নারী নেতৃত্বের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরীফ শাওন বলেন, “আমি অনেক আনন্দিত যে, ফরিদপুরে আজ একজন নারী সাংবাদিকের নেতৃত্বে একটি সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু হলো। এটি আমাদের নারী ক্ষমতায়নের পথে এক অনন্য দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এভাবেই সাহসিকতার সাথে এগিয়ে যাবে নারী নেতৃত্ব।” তিনি আরও যোগ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ এবং সদরপুর প্রেস স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে প্রশাসনের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সদরপুর প্রেসের প্রেসিডেন্ট ফৌজিয়া-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রিফাত আনজুম পিয়া এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আব্দুল আল মামুন শাহ। দুই জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতি এবং একজন নারী সাংবাদিকের সভাপতিত্ব—সব মিলিয়ে অনুষ্ঠানটি নারী শক্তি ও পেশাদারিত্বের এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সদরপুর প্রেসের সেক্রেটারি রায়হান মিয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এম. এম. শাহজাহান বাকি মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির তুহিন এবং সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাবিবর হাসান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার বিষয়টি সমাজ পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত। ফৌজিয়া আক্তারের নেতৃত্বে ‘সদরপুর প্রেস’ অপসাংবাদিকতা রোধ করে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার জ্যেষ্ঠ সাংবাদিক প্রভাত কুমার সাহা, বিল্লাল হোসেন (টিটু), ফরিদুল ইসলাম, ইদ্রিস জমাদ্দার, রাজিব হোসাইন, সিরাজুল ইসলাম ও ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দঘন এই পরিবেশের মধ্য দিয়ে শেষ হওয়া অনুষ্ঠানটি জেলার সাংবাদিক মহলে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে, যেখানে নেতৃত্ব ও কর্মদক্ষতায় নারী সাংবাদিকরা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button