
কাজী নুর নবী ,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্স থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল ওই গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। পরে রাত সাড়ে ৩ টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে রুবেলের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে তাঁর শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্সে তল্লাশি চালিয়ে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের সহযোগিতায় গাঁজার ডিলার হিসেবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। বিপুল পরিমাণ গাঁজা মজুতের তথ্য পাওয়ার পর ডিবি পুলিশ তাঁকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখে। প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁর সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে মাদক কারবারি দের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হাতে দমন করা হবে।



