রাজশাহীতে দিনদুপুরে যুবক খুন: জমি বিক্রির জেরে ছুরিকাঘাত

শিবলী সাদিক, রাজশাহী: রাজশাহীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দিনদুপুরে বাড়ির সামনে মো. সাব্বির (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫)। তিনি একজন মাদকাসক্ত যুবক। ঘটনার পর থেকেই অভিযুক্ত জাসন পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে এলাকায় মাদকাসক্ত জাসনের বেপরোয়া আচরণ ও অত্যাচার চরম আকার ধারণ করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের মূল কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ। অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে শাহিন ও তার পরিবারের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসন।
এরই জেরে মঙ্গলবার জাসন ক্ষিপ্ত হয়ে শাহিনকে মারধর করেন। পরদিন বুধবার দুপুরে সাব্বিরকে তার বাড়ির সামনে একা পেয়ে বুকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে জাসন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।” ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “হাসপাতালে মরদেহ নেওয়ার পর আমরা হত্যাকাণ্ডের খবর পাই। তবে এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button