মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান: তরমুজ আড়ত ও মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন: মাদারীপুরের মুস্তফাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাইকারি ফলের আড়ত ও মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এ সময় অপরিণত তরমুজ, ভেজাল মিষ্টি বিক্রি এবং নিবন্ধন না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) এ সংক্ষিপ্ত বিচারিক আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. এলিয়াম হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গতকাল মুস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন পাইকারি ফলের দোকান ও মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে দুটি তরমুজের আড়তে নিম্নমানের ও অপরিণত তরমুজ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া আড়তগুলোর নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছিল না। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ওই দুটি আড়তের প্রত্যেকটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে ওই এলাকার মিষ্টির দোকানগুলোতে অভিযান চালায় আদালত। সেখানে দুটি মিষ্টির দোকানে পচনশীল, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল মিষ্টির সন্ধান পাওয়া যায়। এসব দোকানেরও নিবন্ধন সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছিল না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মিষ্টি উৎপাদন প্রক্রিয়ায় শুধুমাত্র তেল ও কেমিক্যাল জাতীয় ক্ষতিকর বস্তুর আলামত পান আদালত। তাৎক্ষণিকভাবে পচা মিষ্টি ও ক্ষতিকর রাসায়নিক আলামতগুলো জব্দ করা হয়।নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে এই দুটি মিষ্টির দোকানের প্রত্যেকটিকেও সর্বনিম্ন সাজা হিসেবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন ফল ও মিষ্টি জাতীয় খাবার উৎপাদনে এবং বিক্রিতে সঠিক গুণগত মান বজায় রাখার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনার সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর-এর সহকারী পরিচালক ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ও ক্যাশিয়ার, বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারীসহ অন্যান্য কোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মাদারীপুর জেলা পুলিশ ও আনসার বাহিনীর ব্যাটালিয়ন টিম সক্রিয়ভাবে সহায়তা করে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button