
নিজস্ব প্রতিবেদক | ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই শোক পালন চলবে আগামী শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে মরহুমার জানাজার দিন অর্থাৎ আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সাধারণ ছুটির কারণে আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশের সকল সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঢাকার প্রধান প্রধান বিপণিবিতানগুলোও আজ বন্ধ রাখা হয়েছে।
তবে সাধারণ ছুটির মধ্যেও জনস্বার্থে জরুরি সেবাগুলো সচল রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম এবং পরিচ্ছন্নতা সেবা এই ছুটির আওতামুক্ত রয়েছে। এছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা, জরুরি ওষুধ ও সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করছেন। টেলিফোন, ডাক ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে রয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।




