
রায়হান মিয়া, সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণেই মানুষের জীবনযাত্রা আজ অনেক সহজ হয়েছে। বিজ্ঞানের অগ্রগতির ফলেই বর্তমানে বিশ্বের যেকোনো প্রান্তের খবর আমরা মুহূর্তের মধ্যে জানতে পারছি।”
শিক্ষার্থীদের শুরু থেকেই বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “বিজ্ঞানচর্চার মাধ্যমেই একটি জাতির উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু এবং সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের চমৎকার সব উদ্ভাবনী প্রকল্পগুলোর খোঁজখবর নেন এবং বিজ্ঞানচর্চায় মনোনিবেশ করে ভবিষ্যতে আরও নতুন কিছু উদ্ভাবনের জন্য তাদের উৎসাহ প্রদান করেন।



