
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ের জোয়ারে আলাদা করে নজর কেড়েছেন সাতজন নারী প্রার্থী। কঠিন রাজনৈতিক লড়াই আর ভোটের সমীকরণে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে এই সাত ‘অগ্নিকন্যা’ বিপুল ভোটে জয়লাভ করে সংসদে যাওয়ার টিকেট নিশ্চিত করেছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, এককভাবে সরকার গঠনের পথে থাকা বিএনপির মোট ১৮১ জন বিজয়ীর তালিকায় রয়েছেন ৬ জন নারী। তারা প্রত্যেকেই ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দিয়ে জয় ছিনিয়ে এনেছেন বিএনপির সাবেক এমপি ও আলোচিত রাজনীতিক ব্যারিস্টার রুমিন ফারহানা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত এই সাত নারী সংসদ সদস্য হলেন:
১. আফরোজা খান রিতা: মানিকগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।
২. শামা ওবায়েদ: ফরিদপুর-2 আসনে হেভিওয়েট লড়াই শেষে বিজয়ের হাসি হেসেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী।
৩. ব্যারিস্টার রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে চমকপ্রদ বিজয় অর্জন করেছেন বিএনপির সাবেক এই এমপি।
৪. ইশরাত সুলতানা ইলেন ভুট্টো: ঝালকাঠি-২ আসনে ধানের শীষের শক্ত ঘাঁটি ধরে রেখে জয়ী হয়েছেন তিনি।
৫. তাহসিনা রুশদীর লুনা: সিলেট-২ আসনে জনপ্রিয়তার প্রমাণ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন লুনা।
৬. নায়াব ইউসুফ কামাল: ফরিদপুর-৩ আসনে রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি।
৭. ফারজানা শারমিন পুতুল: নাটোর-১ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নারী নেত্রী।
২৯৯ আসনের মধ্যে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এই নির্বাচনে নারীদের এই বিজয় বিশেষ গুরুত্ব বহন করে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং সরাসরি ভোটে তাদের এই বিপুল বিজয় নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে রুমিন ফারহানার স্বতন্ত্র অবস্থান থেকে বিজয় এবং ফরিদপুরের দুটি আসনে দুই নারী প্রার্থীর জয় ভোটের মাঠে নারীদের শক্তিশালী অবস্থানেরই জানান দেয়।




