
শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-২: জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলমের মনোনয়ন বাতিল, উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি চলছে। ৩ জানুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (চাঁপাইনবাবগঞ্জ-৪৪) গোমস্তাপুর ,নাচোল, ভোলাহাট, আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব মু. খুরশিদ আলম বাচ্চুর প্রার্থিতা নামঞ্জুর করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে (রিটার্নিং অফিসারের কার্যালয়) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
প্রার্থিতা বাতিলের পরপরই আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির এই নেতা। জনাব খুরশিদ আলম বাচ্চুর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। ইতোমধ্যে আপিল প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র ও আদেশের জাবেদা নকল (Certified Copy) সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে প্রার্থীর ঘনিষ্ঠ সূত্র জানায়, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। রিটার্নিং কর্মকর্তা যে কারণে প্রার্থিতা নামঞ্জুর করেছেন, আমরা মনে করি উচ্চ আদালতে সঠিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে জনাব খুরশিদ আলম তার প্রার্থিতা ফিরে পাবেন এবং নির্বাচনে জয়লাভ করবেন।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জের আসনগুলোতে আজকের যাচাই-বাছাই প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।




