মাদারীপুরে ভাড়ায় নিয়ে ইজিবাইক আত্মসাৎ: চালক গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন| ৩ জানুয়ারি ২০২৬: মাদারীপুরে ভাড়ায় চালিত একটি ইজিবাইক আত্মসাতের ঘটনায় অভিযুক্ত মূল আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। এসময় আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচর এলাকা থেকে আত্মসাৎকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেফতারকৃত আসামীর নাম ইয়ামিন মীর (২২)। সে মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের মৃত সিদ্দিক মীরের ছেলে। এই মামলায় তার মা নাজমা (৫৩) দ্বিতীয় আসামী হিসেবে নাম রয়েছে।
র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী আমির হোসেন মোল্লার অটো গ্যারেজ থেকে আসামী ইয়ামিন ও তার মা নাজমা গত ২৮ নভেম্বর একটি ‘বোরাক’ ইজিবাইক দৈনিক ভাড়ায় চুক্তিতে চালানোর জন্য নেয়। নাজমা বেগম নিজে জিম্মাদার হয়ে তার ছেলের জন্য ইজিবাইকটি ভাড়া করেন। পরদিন ২৯ নভেম্বর সকালে ইয়ামিন ইজিবাইকটি নিয়ে গ্যারেজ থেকে বের হলেও রাতে আর ফিরে আসেনি। এ ঘটনায় ২ ডিসেম্বর মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে মাদারীপুর সদর থানার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়ামিন মীরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মাদারীপুরের শিবচর থানাধীন যাদুুয়ারচর গাছি বাড়ী এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের লাল রঙের ইজিবাইকটি উদ্ধার করা হয়।
র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী ইজিবাইক আত্মসাতের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইজিবাইকটি মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button