নওগাঁ আদালত থেকে নথি চুরির দায়ে গ্রেফতার ৪

কাজী নুর নবী জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি এবং তা ফেরত দেওয়ার বিনিময়ে চাঁদা দাবির ঘটনায় আদালতের কর্মচারী, উমেদার ও মুহুরীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। তিনি জানতে পারেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার আগেই মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গেছে। একই সঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের এক কর্মচারীর কাছে ফোন করে নথি ফেরতের বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির একটি চৌকস দল মূল অভিযুক্তকে শনাক্ত করে রাজশাহীর বাগমারা ও নওগাঁ সদর এলাকায় অভিযান চালায়।

অভিযানে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া নথি বের করে দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন পলাশ, তার ভাই সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এস এম আকাশ আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছেন। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button