বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে নওগাঁর পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়: মাদক ও সাইবার অপরাধ রুখতে অনন্য উদ্যোগ

কাজী নূরনবী নাইস, বদলগাছি (নওগাঁ) | ০৮ এপ্রিল ২০২৬: নওগাঁর বদলগাছিতে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের সাথে এক ব্যতিক্রমী মতবিনিময় সভায় মিলিত হয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আজ বুধবার বদলগাছি থানার কোলা আদর্শ ডিগ্রী কলেজ ও কোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। দীর্ঘ এক ঘণ্টাব্যাপী এই মনোমুগ্ধকর উপস্থাপনায় তিনি অত্যন্ত সহজ ও সাবলীলভাবে সমাজ ও জীবনের ওপর মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইমের ক্ষতিকর প্রভাবগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। প্রায় চার শতাধিক শিক্ষার্থী মন্ত্রমুগ্ধের মতো তাঁর এই নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই বিষাক্ত ছোবল থেকে দূরে থাকতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।” বাল্যবিবাহকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তিনি এর কুফল ও কঠোর আইনি দিকগুলো ব্যাখ্যা করেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার এবং যেকোনো অন্যায় রুখে দেওয়ার আহ্বান জানান।

বর্তমান সময়ের অন্যতম আতঙ্ক সাইবার ক্রাইম নিয়ে তিনি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত কারো সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার ওপর তিনি জোর দেন। যেকোনো বিপদে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারকে প্রশ্ন করেন। অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি প্রতিটি প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। পুলিশ সুপারের দিকনির্দেশনা শুনে উপস্থিত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদেরকে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কোলা আদর্শ ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় শিক্ষকবৃন্দ।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মহোদয় জেলা পুলিশের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের এসকল দিকনির্দেশনা বাস্তব জীবনে মেনে চলার পরামর্শ দেন। উপস্থিত অভিভাবক ও সুধীজন মনে করছেন, পুলিশ সুপারের এমন সরাসরি অংশগ্রহণ শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এবং একটি সুন্দর সমাজ গঠনে মাইলফলক হিসেবে কাজ করবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button