সংকটেও রাজশাহীতে ২০ হাজার লিটার ডিজেল মজুদ

 

শফিকুল আলম ইমন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে অবৈধভাবে জ্বালানী তেল ডিজেল লিটার প্রতি ১১৮ টাকায় বিক্রি করা হচ্ছে। যা সরকার নির্ধারিত দামের তুলনায় লিটার প্রতি প্রায় ১৭ টাকা বেশী। শুধু তাই নয় অদৃশ্য ক্ষমতাবলে ঐ ডিপোতে ডিজেলের মজুদ ২০ হাজার লিটার !

ররিবার (৮ মার্চ) দুপুরে এ খবর পাওয়ার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌগাছি বাজারের মেসার্স আ: রাজ্জাক ওয়েল ডিপোতে ১১৮ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে ডিজেল। লিটারপ্রতি ১৭ টাকা কেন বেশী নিচ্ছেন জবাবে, ঔ ডিপোর স্বত্বাধিকারি আব্দুর রাজ্জাক বলেন, আমি ১১৫ টাকা লিটার দামে ব্ল্যাকে কিনেছি, তাই ১১৮ টাকায় বিক্রি করছি ৷ তিনি জানান, ২০ হাজার লিটার ডিজেল কিনে সাড়ে ৭ হাজার লিটার বিক্রি করেছি, আরও সাড়ে ১৩ হাজার লিটার মজুদ রয়েছে আমার কাছে। কোথা থেকে এত তেল কিনেছেন জানতে চাইলে, তিনি তা বলতে চাননি ৷ সংবাদকর্মী পরিচয় জানতে পারার পর পরই রাজ্জাক তার ডিপো বন্ধ করে সেখান থেকে দ্রুত সরে পড়েন !

স্থানীয়রা বলছেন, শুধুমাত্র এখন নয়, দীর্ঘদিন ধরে তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছেমত দামে ডিজেল বিক্রি করেন। আশপাশের কৃষক তাদের কৃষি সেচের জন্য এবং নসিমন-করিমন চালকরা নিরুপায় হয়ে এখান থেকে বেশী দামেই তেল নিচ্ছেন। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে ব্ল্যাকে তেল কেনে, এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া তেলও কেনে এই রাজ্জাক।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সাথে কথা বললে, তিনি এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ৷

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button