মাদারীপুরে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে ‘নুরুস সুন্নাহ ইসলামিক এডুকেশন’-এর বর্ণাঢ্য উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার মস্তফাপুরে দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার এবং আধুনিক জ্ঞানসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘নুরুস সুন্নাহ ইসলামিক এডুকেশন’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
মস্তফাপুরস্থ পল্লী বিদ্যুৎ জামে মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরেণ্য আলেম আল্লামা নেয়ামাতুল্লাহ আল-ফরিদী। আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহমদাবাদ চন্ডীবর্দীর পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আলী আহমাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর পথিরা দরবার শরীফের পীর সাহেব মুফতী শরীফ মুহাম্মদ ইমরান বিন নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। নুরুস সুন্নাহ ইসলামিক এডুকেশন একদিকে যেমন কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান প্রদান করবে, তেমনি আধুনিক শিক্ষায় দক্ষ করে শিক্ষার্থীদের দেশ ও জাতির সম্পদে পরিণত করবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের নৈতিক ও চারিত্রিক গঠন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পরকালীন মুক্তির পাশাপাশি দুনিয়াবী জীবনেও সফল নাগরিক হিসেবে গড়ে উঠুক।”
জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটিতে দুটি পৃথক শাখায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শাখা দুটি হলো—
১. আইডিয়াল শিশু একাডেমি: যেখানে নূরানী কিন্ডারগার্টেন সমন্বিত অ্যারাবিক ও ইংলিশ ভার্সনে (প্লে থেকে ৫ম শ্রেণি) পাঠদান করা হবে।
২. আইডিয়াল গার্লস মাদ্রাসা: এখানে নাজেরা, হিফজ, হিফজ রিভিশন এবং সিবইয়ান থেকে হেদায়া পর্যন্ত (পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস) পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button