ফরিদপুরের সদরপুরে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

ফৌজিয়া আক্তার,ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে স্থানীয়দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “সদরপুরে এই খাল দুটি পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। এটি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খাল খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, যার প্রত্যক্ষ সুফল পাবেন এ অঞ্চলের কৃষকরা।

সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা যায়, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর অংশ হিসেবে সদরপুরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্প দুটির মধ্যে প্রথমটি হলো— দড়িকৃষ্ণপুর কাটাখালের ব্রীজ হতে ভূবনেশ্বর নদী অভিমুখী সাড়ে চার কিলোমিটার দীর্ঘ একটি খাল। এর প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। দ্বিতীয়টি হলো— লোহারটেক ব্রীজ হতে শ্রীরামদি রাজার পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ খাল, যার প্রস্তাবিত ব্যয় ১ কোটি ১০ লক্ষ টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২ কোটি ৩০ লক্ষ টাকার এই প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদনপত্র পেলেই দ্রুত খাল খননের কাজ শুরু হবে। এই প্রকল্পে স্থানীয় নারী ও পুরুষ শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুন নাহার, কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন এবং ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button