ফরিদপুরের সদরপুরে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ফৌজিয়া আক্তার, ফরিদপুর প্রতিনিধি | ফরিদপুরের সদরপুর উপজেলায় নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামজা মোল্যা (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হামজা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী শহিদ মোল্যার ছেলে। সে স্থানীয় বিশ্বজাকের মঞ্জিল সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হামজা মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেপারী বাড়ির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হামজা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মেধাবী এই স্কুলছাত্রের অকাল মৃত্যুতে তার পরিবার, বিদ্যালয়ের সহপাঠী এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button