নওগাঁয় পুলিশের প্রশংসনীয় তৎপরতা: ২৪ ঘণ্টার মধ্যেই নিখোঁজ দুই শিশু ভাই-বোন উদ্ধার

কাজী নুরনবী, জেলা প্রতিনিধি (নওগাঁ): নওগাঁয় নিখোঁজ হওয়ার পর পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় দুই শিশু ভাই-বোনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে উদ্ধার হওয়া এই দুই শিশুকে তাদের বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ। পুলিশের এমন মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপে চরম উৎকণ্ঠায় থাকা পরিবারটিতে স্বস্তি ফিরেছে।

পুলিশ ও নিখোঁজ শিশুদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ মে (মঙ্গলবার) সকাল ৮টার দিকে নওগাঁ সদর থানার ইকরতারা হিন্দু পাড়া এলাকার শ্রী কাজল চন্দ্র মন্ডলের ছেলে জয়ন্ত (১০) এবং মেয়ে ঋতু মন্ডল (৬) কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সারাদিন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

সন্তানদের না পেয়ে দিশেহারা হয়ে রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর থানায় ছুটে যান শিশুদের বাবা কাজল চন্দ্র মন্ডল। তিনি সেখানে সন্তানদের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশের জরুরি সহায়তা কামনা করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামকে অবগত করা হয়। শিশু দুটি কোনো পাচারকারী বা অপরাধী চক্রের হাতে পড়ার ঝুঁকি এড়াতে তিনি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং দ্রুত অনুসন্ধানের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় রাতেই বিরামহীন উদ্ধার অভিযানে নামে পুলিশ। আধুনিক তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় আজ ২০ মে (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের কালীতলা এলাকা থেকে শিশু জয়ন্ত ও ঋতুকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

পরে আজ দুপুরে আইনি আনুষ্ঠানিকতা শেষে উদ্ধার হওয়া দুই শিশুকে আনুষ্ঠানিকভাবে তাদের পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়। নিখোঁজ হওয়ার পর এত দ্রুততম সময়ে বুকের ধন সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। সন্তানদের ফিরে পাওয়ার আনন্দে তারা এবং তাদের আত্মীয়-স্বজনরা নওগাঁ জেলা পুলিশ ও সদর থানা পুলিশের এই আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button