
আব্দুল্লাহ আল মামুন: “আমি দলের ঊর্ধ্বে এবং জাতিগত বিভেদের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। শুধু দলের দিকে তাকালে ধানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচিত হতে পারতাম না।”— মহান মে দিবস উপলক্ষে মাদারীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব জাহানন্দার আলী জাহান এসব কথা বলেন।
দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তবে এখন আমি শুধু কোনো নির্দিষ্ট দলের নই, আমি এই এলাকার সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি।
গণমাধ্যমকর্মীদের নিজের পরিবারের সদস্য ও বন্ধু হিসেবে উল্লেখ করে এমপি জাহান বলেন, “মানুষ মাত্রই ভুল হতে পারে। আমার কাজে কোনো ত্রুটি দেখলে তা সঙ্গে সঙ্গে পত্রিকায় না ছেপে, পরিবারের সদস্য হিসেবে আগে আমাকে শুধরে নেওয়ার সুযোগ দেবেন। আমি আপনাদের বড় ভাইয়ের মতো, আমাকে কোনো বড় চেয়ার দেওয়ার দরকার নেই, সাধারণ চেয়ারেই আমি বসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানান।
এলাকার আইনশৃঙ্খলা ও সামাজিক অবক্ষয় রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জাহানন্দার আলী জাহান বলেন, “আমার প্রথম কাজ হবে এই এলাকা থেকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং ভূমি দস্যুতা চিরতরে বন্ধ করা।” সমাজে বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের সম্পদ লুট করে যারা রাতারাতি গুলশানের মতো সুরম্য অট্টালিকা বানাচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে।
ধর্মীয় সম্প্রীতি ও সংস্কারের বিষয়ে তিনি বলেন, “মসজিদ, মাদ্রাসা, মন্দির বা গির্জা—সবকিছুর প্রতি আমাদের সমান দৃষ্টি রাখতে হবে। আমি দেখেছি দেড়শ বছরের পুরোনো মন্দির এবং দুইশ বছরের পুরোনো মসজিদ অবহেলিত অবস্থায় পড়ে আছে। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম স্বাধীন ও সুন্দরভাবে পালন করতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।”
আঞ্চলিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে সংসদ সদস্য জানান, তিনি সরকারের উচ্চমহলে ও সংসদে বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তিনটি বড় দাবি তুলে ধরেছেন:
১. ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স-লেন (ছয় লেন) সড়ক নির্মাণ।
২. ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরাসরি রেললাইন স্থাপন।
৩. কুয়াকাটা পর্যন্ত গ্যাস লাইনের সংযোগ প্রদান।
পরিশেষে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মাদারীপুরের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।




