নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় চ্যাম্পিয়ন

কাজী নূরনবী, জেলা প্রতিনিধি (নওগাঁ): নওগাঁয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সদর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে বালক গ্রুপে অদম্য নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নওগাঁ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিটিআই নওগাঁর সম্মানীত সুপারিন্টেন্ডেন্ট জনাব মো: মিরাজ হোসেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক দলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নওগাঁ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শৈলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। প্রথমার্ধে শৈলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে এগিয়ে থেকে চালকের আসনে বসে। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে পরীক্ষণ বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। দারুণ গোছানো ফুটবল খেলে তারা প্রথমে খেলায় ১-১ গোলে সমতা ফেরায়। এরপর খেলার শেষ বাঁশি বাজার মাত্র ২ মিনিট আগে দ্বিতীয় গোলটি করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে উপজেলার সেরা ট্রফিটি নিজেদের করে নেয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়।

এদিকে বালিকা দলের ফাইনালে দুবলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে শিরোপা অর্জন করে। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা অফিসের কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় প্রধান অতিথি ক্ষুদে ফুটবলারদের এই অদম্য স্পৃহার প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নওগাঁর নাম উজ্জ্বল করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button