কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নে নওগাঁয় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ধলু

কাজী নূর নবী নাইস, নওগাঁ | ১৯ এপ্রিল, ২০২৬: নওগাঁ সদর উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে।

প্রথম প্রকল্পটি সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে ৯০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। এটি হামরার বিল হতে কৃঞ্চপুর অভিমুখী ২ কিলোমিটার ৪০ মিটার দীর্ঘ একটি খাল। সংসদ সদস্য ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি খনন করে এই কাজের সূচনা করেন। এরপর তিনি বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর মেইন রাস্তা হতে হরিপুর হয়ে কালুপাড়া বিল অভিমুখে ৭০ লাখ টাকা ব্যয়ে আরও ১২০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, “এই প্রকল্পটি সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাবে, যা একদিকে ফসলের উৎপাদন বাড়াবে এবং অন্যদিকে দেশীয় মাছের অভয়াশ্রম হিসেবে কাজ করবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভবিষ্যতে এই খালগুলো বড় ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

খাল দুটি পুনঃখননের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা আশা করছেন, দীর্ঘদিনের সেচ সমস্যা সমাধানের মাধ্যমে এই অঞ্চল কৃষিতে আরও সমৃদ্ধ হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button