
ফৌজিয়া আক্তার, সদরপুর (ফরিদপুর) | ১৯ এপ্রিল, ২০২৬: ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, “তরুণ প্রজন্ম এবং শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তবে জাতির ভবিষ্যৎ ধুলিস্মাৎ হয়ে যাবে। সর্বনাশা মাদক আজ আমাদের তরুণদের গ্রাস করছে। এই মাদকের মূলোৎপাটন করা না গেলে জাতিকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা পুলিশ ও সদরপুর থানা পুলিশের উদ্যোগে সদরপুর স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
এমপি বাবুল তার বক্তব্যে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “ইভটিজিং, অনলাইন জুয়া ও চাঁদাবাজি আমাদের সমাজকে ভেতর থেকে ক্ষয় করে ফেলছে। তোমরাই (তরুণরা) জাতির ভবিষ্যৎ। তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।” অনুষ্ঠান চলাকালীন তিনি উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক সমস্যা সমাধানে সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, আইনি ব্যবস্থার পাশাপাশি প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধগুলো নির্মূল করা সম্ভব।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মিন্টু বিশ্বাস, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ও সদরপুর সরকারি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু ও সদস্য সচিব কবির মোল্যাসহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভায় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির তত্ত্বাবধানে আগত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ফুল ও পানি বিতরণ করা হয়।
বক্তারা এই সভার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের শপথ গ্রহণ করেন।




