
ফৌজিয়া, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২৬ বরণ করে নিয়েছে পুবালী ব্যাংক পিএলসি-র সদরপুর শাখা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শাখা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে নববর্ষের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসি সদরপুর শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শাখা ব্যবস্থাপক জনাব মোঃ শাহাদত হোসেন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “পুবালী ব্যাংক দীর্ঘ ঐতিহ্যের পথ বেয়ে এ দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। আমরা সবসময় আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট। বিশেষ করে আমাদের এই শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ ভিত্তিক ‘পুবালী ইসলামী ব্যাংকিং’ সেবা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”
তিনি নতুন বছরের পরিকল্পনা তুলে ধরে আরও বলেন, “২০২৬ সালে আমাদের প্রধান অঙ্গীকার হলো—গ্রাহকসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। আপনাদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহজ ও জনবান্ধব ব্যাংকিং সেবা প্রদান করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। বিগত বছরগুলোতে আপনারা যেভাবে আমাদের ওপর আস্থা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি, আগামীতেও আমাদের এই পথচলা আরও সুদৃঢ় হবে।
কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্য কর্মকর্তারাও গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ের কার্যক্রম প্রসারে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রশংসা করা হয়।
সবশেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করা হয়।




