বেড়িবাঁধের গাছ কেটে ব্যক্তিগত রাস্তা: পদ স্থগিতের পর আটক মিঠামইন বিএনপির সভাপতি জাহাঙ্গীর

 

ফারুকুজ্জামান | কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বেড়িবাঁধের মেহগনি গাছ কেটে ব্যক্তিগত যাতায়াতের রাস্তা তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় কেন্দ্রীয় বিএনপি তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করে।
গতকাল বুধবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় দায়ের হওয়া একটি মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, গাছ কাটার ঘটনায় গত মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। সরকারি গাছ চুরির অভিযোগ এনে দায়ের করা এই মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ আনা হয়েছে।
এর আগে মঙ্গলবারই গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সকল পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি (জাহাঙ্গীর) নিজ গাড়ি নিয়ে নিজের বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরণের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন, যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং এ ধরণের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”
প্রসঙ্গগত, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৯৯৫-১৯৯৬ সালে নদীভাঙন রোধে কামালপুর বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। সে সময় বাঁধের সুরক্ষায় সেখানে বিপুলসংখ্যক গাছ রোপণ করা হয়েছিল। সম্প্রতি ওই রাস্তা দিয়ে নিজের গাড়ি পারাপারের সুবিধার্থে রাস্তার মাঝে থাকা বেশ কিছু গাছ কেটে ফেলেন বিএনপি নেতা জাহাঙ্গীর। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও আলোড়ন সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসন ও দলীয় হাইকমান্ড এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button