সংসদে নওগাঁর শিক্ষা ও কৃষি উন্নয়নের জোরালো দাবি জানালেন এমপি জাহিদুল ইসলাম

কাজী নূরনবী নাইস: জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম (ধলু) দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং নওগাঁর কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ দাবি ও প্রশ্ন উত্থাপন করেছেন।  তার বক্তব্যে উঠে এসেছে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম দেশের নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাননীয় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়সমূহের অবকাঠামো উন্নয়নে বাজেটে বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়েছে কি না। বিশেষ করে, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার (Dropout Rate) শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

একটি সম্পূরক প্রশ্নের মাধ্যমে জাহিদুল ইসলাম নওগাঁর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিটি সংসদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “নওগাঁ যেহেতু একটি কৃষিপ্রধান এলাকা, তাই এ অঞ্চলের কৃষির আধুনিকায়ন ও গবেষণার জন্য এখানে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরি।” তিনি এই বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করে প্রথমবারের মতো জিডিপি-র ২ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়াও মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এবং শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশাল অঙ্কের বাজেট বরাদ্দের কথা উল্লেখ করা হয়। নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি পর্যালোচনার আশ্বাস প্রদান করেন।

সংসদে নিজ এলাকার উন্নয়নে এমপি জাহিদুল ইসলামের এমন সাহসী ও সময়োপযোগী বক্তব্য নওগাঁর সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশেষ করে শিক্ষিত ও সচেতন মহল মনে করছেন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে নওগাঁ শুধু উত্তরবঙ্গের নয়, সারা দেশের কৃষি গবেষণার মডেলে পরিণত হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button