
মো. ইউছুপ মজুমদার এম এ , লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
এরই ধারাবাহিকতায় ‘অপারেশন ডেভিল হান্ট টু’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৬ জন আসামিকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ২০:৩০ ঘটিকায় লামা বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৪৩) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। খোরশেদ আলম লামা সদর ইউনিয়নের মেউলার চরের মৃত আব্দুল হামিদের ছেলে। তার নামে ১২ নভেম্বর ২০২৫ তারিখের একটি নিয়মিত মামলা (এফআইআর নং-১) রয়েছে।
একই রাতে আজিজনগর ইউনিয়ন এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ হোসাইনকে গ্রেফতার করা হয়। তিনি আজিজনগর চেয়ারম্যান পাড়ার আঃ শেখ আহম্মদের ছেলে এবং ২০১০ সালের একটি মামলার (জিআর-০৯/১০) আসামি।
এদিকে আজ ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল্লাহ ঝিরি এলাকার মোঃ এহেছান (৩৯), মোঃ মিজান (৩৩) ও মোঃ ওসমান (৩৬)। তারা সবাই ২০২৩ সালের একটি মামলার (জিআর-৪৬/২৩) ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এছাড়া লামামুখ এলাকা থেকে মোঃ জসিম উদ্দিন (২৪) নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি টিএন্ডটি পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে। তার নামে ২০২৫ সালের একটি মামলা (জিআর-৭৯/২৫) রয়েছে। স্থানীয়দের মতে, গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে এলাকায় চুরির একাধিক অভিযোগ রয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেফতারকৃত প্রত্যেক অপরাধীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




