পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি: ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সদরপুরের আব্দুল আল মামুন শাহ

ফৌজিয়া আক্তার, ফরিদপুর প্রতিনিধি: পেশাগত দক্ষতা, সাহসিকতা আর আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে পুলিশ বাহিনীর পাশাপাশি সদরপুরের সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসির সম্মাননা হিসেবে তার হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. আব্দুল আল মামুন শাহ-কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ওপর ভিত্তি করে এই শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হয়েছে। এর মধ্যে রয়েছে— সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সফলভাবে অপরাধ দমন, মামলার নিখুঁত তদন্ত কার্যক্রমে সাফল্য এবং তার অসামান্য পেশাগত ও কর্মদক্ষতা।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বিনয়ী এই পুলিশ কর্মকর্তা তার অর্জনের কৃতিত্ব সহকর্মীদের উৎসর্গ করেন। ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, সদরপুর থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

এদিকে, সদরপুর থানার ওসির এই অসামান্য অর্জনে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, একজন দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি আব্দুল আল মামুন শাহর বলিষ্ঠ নেতৃত্বে সদরপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামীতে আরও উন্নত হবে। একইসঙ্গে সমাজ থেকে অপরাধ নির্মূলে তার এই সাহসী ও কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button