
কাজী নূরনবী,নওগাঁ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের তুলনায় পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সীমান্তপথে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের সম্ভাবনাও বেড়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। গত ০৪ মার্চ ২০২৬ তারিখ থেকে অদ্যাবধি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনসাধারণকে জ্বালানি তেল পাচার রোধে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে।
১৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে জ্বালানি তেল পাচার প্রতিরোধে টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জ্বালানি পরিবহন ও সরবরাহ ব্যবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে। বিজিবির এই পদক্ষেপগুলো দেশের জ্বালানি তেল পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। একই সঙ্গে অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক চোরাচালান বন্ধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সব ধরনের অপরাধ দমনে পত্নীতলা ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।




