
কাজী নূরনবী নাইস, নওগাঁ: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নওগাঁয় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর দুইটায় নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন কেডির মোড় এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করা হয়।
নওগাঁ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আযম রানা-র ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু এবং জেলা যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও সুখ-দুঃখের সাথী হিসেবে রাজনীতি করে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই দুঃসময়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ঈদের দিন প্রতিটি ঘরে যেন আনন্দের ছোঁয়া লাগে।
আয়োজক ও উদ্যোক্তা মোঃ শফিউল আযম রানা তাঁর বক্তব্যে বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মূল লক্ষ্য। ঈদ কেবল উৎসবের দিন নয়, এটি আমাদের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশীর পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা যায়, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে কয়েকশত নারী-পুরুষের হাতে ঈদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার হাতে পেয়ে বয়োবৃদ্ধ ও অসহায় মানুষেরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন।
বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। নওগাঁর সাধারণ মানুষ এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।




