
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে ঐতিহাসিক বিজয়ের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির চেয়ারম্যান ও দেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। জনতার উদ্দেশে তিনি বলেছেন, “আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” এদিকে বিএনপির এই নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাসভবন থেকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদের দিকে রওনা হন তারেক রহমান। এ সময় তার বাসভবনের সামনে তাকে একনজর দেখার জন্য বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন।
নেতা-কর্মীদের ভিড় ঠেলে তিনি যখন বের হচ্ছিলেন, তখন সাধারণ মানুষের আবেগ দেখে গাড়ি থামিয়ে দেন। এ সময় নিরাপত্তার কড়াকড়ি শিথিল করে তিনি নিজেই গাড়ির দরজা খুলে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের পরিচয় জানতে চান।
এ সময় সমবেত জনতা স্লোগান দিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি।’ তাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থনের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’ এরপর তিনি নৌবাহিনী সদর দপ্তর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির সরকার গঠনের পথ সুগম হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত করার পরপরই এই অভিনন্দন বার্তা আসে। আন্তর্জাতিক এই সমর্থন নতুন সরকার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি গুরুত্বপূর্ণ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুটিতেই বিপুল ভোটে জয়লাভ করেন। দলের পূর্বঘোষণা অনুযায়ী, তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতার কেন্দ্রে ফিরে আসা বিএনপির এই বিজয়কে দলটির নেতাকর্মীরা ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে আখ্যায়িত করছেন।




