আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ, পড়াবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী তিন থেকে চার দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবিধানের নিয়ম মেনে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে ড. শেখ আব্দুর রশীদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয় প্রথমে তাঁদের শপথের আয়োজন করবে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া তাদের শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।

উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট বর্তমানে স্থগিত রাখা হয়েছে। তবে ফল ঘোষণা স্থগিত থাকা এই দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button