
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পরিচালিত প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ভিডিও কনফারেন্স শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকল স্টেকহোল্ডারের উদ্দেশে ডেঙ্গু মোকাবিলায় বর্তমান সরকারের নেওয়া নানা যুগান্তকারী ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ গুরুত্বসহকারে তুলে ধরেন। একই সাথে তিনি স্থানীয় বিভিন্ন হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক বাসাবাড়ি এবং আশেপাশের আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সরকারের নির্দেশনা ও সচেতনতামূলক বার্তা সবার মাঝে পৌঁছে দেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৯টায় সদরপুর উপজেলা পরিষদ ও এর আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ফগিং এবং লার্ভিসাইড স্প্রে ছিটানোর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মো. পলাশ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ,ডা. গোলাম রব্বানী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,মো. মঞ্জুর হোসেন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা,কাজী বদরুত জামান বদু, আহ্বায়ক, সদরপুর উপজেলা বিএনপি রনেন্দ্রনাথ চৌধুরী, কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট, গার্লস গাইড, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।




