ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দলের এই সিদ্ধান্ত বিএনপির একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। এর আগে আজই (মঙ্গলবার) ফজলুর রহমান দল থেকে শোকজের লিখিত জবাব দেন। সেই জবাব সন্তোষজনক না হওয়ায় দল তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল।

পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, ‘গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল (২৫ আগস্ট) (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ (২৬ আগস্ট) কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।’

এতে বলা হয়, ‘তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button