
কামরুল হাসান জীবন, নওগাঁ: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাংলাদেশের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদেরও মোতায়েন করা হবে। এছাড়া বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, পূজা উদযাপনের সময় কোনো প্রকার অব্যবস্থাপনা, শব্দদূষণ কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পূজার সার্বিক সফলতা নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।




