নওগাঁয় বিশৃঙ্খলা ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার কাজী নুর-নবী

জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় মিছিল বের করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) গতরাতে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর থানার শেখপুরা এলাকার মঞ্জু ফকিরের ছেলে মানিক ওরফে পাইলট (৩২), মোঃ হারুনের ছেলে মোঃ সাজু (৪০) এবং মোজাম্মেল হক মুজার ছেলে হাবিব হোসেন মুন্না (২৮)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী আকস্মিক একটি মিছিল বের করেন। এ সময় তারা সড়কে বাস চলাচলে বাধা সৃষ্টি করেন এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। তারা সাইবার জগৎ ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কার্যক্রম প্রচার করছিলেন। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও মিডিয়া সেল থেকে জানানো হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button