
রায়হান মিয়া, সদরপুর (ফরিদপুর): প্রতিদিনের মতোই গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ কৃষক শেখ সামাদ। কিন্তু কে জানতো, এই যাওয়াই হবে তার শেষ যাওয়া! হঠাৎ বজ্রপাতে নিভে যায় এই প্রবীণ কৃষকের জীবন প্রদীপ।
সোমবার (২৫ মে) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সলিমুদ্দিন ফকিরের ডাঙ্গী গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শেখ সামাদ সলিমুদ্দিন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত শেখ ইয়াজউদ্দিনের ছেলে। দুপুর ১টার দিকে ঘাস কাটার সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক বজ্রপাতে তিনি জমিতেই লুটিয়ে পড়েন। স্বামীর এমন অবস্থা দেখে স্ত্রী মোসাঃ ছাহেরা বেগম চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তের এই দুর্ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিনারুল কাজী সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




