
কাজী নূরনবী নাইস ,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে আরাফাতুন (৩ মাসের অন্তঃসত্ত্বা) নামে বেদে সম্প্রদায়ের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে আত্রাই নদীর তীরবর্তী সরকারি কলেজ মাঠ সংলগ্ন বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে পলিথিন ও অস্থায়ী ছাউনিতে বসবাস করে আসছিল। ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও দমকা বাতাসে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে আরাফাতুন তার নিচে চাপা পড়েন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ ভেঙে পড়ার ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।




