কিশোরগঞ্জে জমি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া মন্ডল বাড়ির নিষ্কণ্টক জমি নিয়ে প্রতিপক্ষের মিথ্যা বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাগুড়া মন্ডল বাড়িতে ভুক্তভোগী আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল তার নিজ উঠোনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তার বসতভিটা ও কবরস্থানের ৪ শতাংশ নিষ্কণ্টক জমি নিয়ে প্রতিপক্ষ ইয়াকুব আলীর ছেলে স্বাধীন হোসেন ও শাহিন হোসেনদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (আমিন) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি পরিমাপ করা হয়।
তিনি জানান, পরিমাপে উভয় দাগে মোট ৪ শতাংশ জমির মধ্যে ৩ দশমিক ৫২ শতাংশ জমি পাওয়া যায়, যার মধ্যে প্রায় অর্ধ শতাংশ জমি রাস্তায় চলে গেছে। এরপরও প্রতিপক্ষ ও স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী প্রতিহিংসাবশত অভিযোগ করেন যে, তিনি কবরস্থানের ২ শতাংশ জমি দখল করে বসতভিটা হিসেবে ব্যবহার করছেন।
রফিকুল ইসলাম মন্ডল বলেন, “আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
এ বিষয়ে ইউপি সদস্য আহাদ আলীর সাথে কথা হলে তিনি বসতভিটার মধ্যে অর্ধ শতাংশ জমি ভোগদখলের কথা স্বীকার করেন। তবে জমি পরিমাপের সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানান। উপস্থিত না থেকেও এমন বক্তব্য দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button