৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪

আবদুল্লাহ আল মামুন.সাতক্ষীরা: সাতক্ষীরা সদরে ৭ হাজার লিটার পেট্রলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ। এ সময় লরির চালকসহ চারজনকে আটক করা হয়।

জাতীয় জরুরি হটলাইন নম্বর ৯৯৯-এ কল পেয়ে গতকাল সোমবার সকালে গাভা এলাকা থেকে পেট্রলভর্তি লরিটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লরির চালক খুলনার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে রিপন শেখ, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজারের ভাই ভাই স্টোরের মালিক শফিকুল ইসলাম, কুলিয়া বাজারের আলেয়া অয়েল সাপ্লাইয়ের মালিক ইউনুস আলী ও আশাশুনি উপজেলার বদরতলা বাজারের সাদিয়া এন্টারপ্রাইজের মালিক ইউসুফ আলী।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সালেক জানান, সদর উপজেলার গাভা বাজার এলাকায় পেট্রলবাহী একটি লরি দেখে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেন। পরে সদর থানার পুলিশ এসে চালকসহ লরিটিকে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সোমবার ভোরে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী একটি লরি সাতক্ষীরার দেবহাটার একটি তেলের পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে সকালে গাভা এলাকায় স্থানীয় লোকজন লরিটি থামিয়ে থানায় খবর দেন। পুলিশ লরিটিকে জব্দ ও এর চালককে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, লরিটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে চালকের মাধ্যমে সংশ্লিষ্ট তেল ব্যবসায়ী তিন ব্যক্তিকে থানায় ডেকে আনা হয়। একপর্যায়ে কাগজপত্র যাচাই করার জন্য সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বদরুজোহার কাছে পাঠানো হয়। কিন্তু কাগজপত্র সঠিক না থাকার কারণে তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button