
কাজী নূরনবী নাইস, নওগাঁ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে নওগাঁয় বিশাল পরিসরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় শহরের নওজোয়ান মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই মহতী উদ্যোগ সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ২ হাজার ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকে। ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন খুশিতে শামিল হতে পারে, সেই লক্ষ্যেই আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছি। এই পবিত্র মাসে সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিকে দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে যেন কোনো অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় উপহার পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম এবং ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান রাজা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: দিদারুল ইসলাম রতন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হায়াত খাঁন দিপুসহ জেলা, পৌর ও থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ জেলা বিএনপির এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে উপহার সামগ্রী গ্রহণ শেষে তারা সন্তুষ্টি নিয়ে ঘরে ফিরে যান।




