নতুন আইজিপি নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক , নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগের মাত্র একদিনের মাথায় পদত্যাগ করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে  এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সদর দপ্তরে পাঠানো ওই চিঠিতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার পেছনে একান্তই ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন।

ডিএমপি কমিশনারের এই আকস্মিক পদত্যাগের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যার ঠিক একদিন আগেই পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫তম বিসিএসের কর্মকর্তা মো. আলী হোসেন ফকির। নতুন আইজিপির নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনাটি সংশ্লিষ্ট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিগত ২০২৪ সালের ২০ নভেম্বর সরকার তাকে দুই বছর মেয়াদে ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছিল। সে সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হলো। কিন্তু মেয়াদ শেষ হওয়ার বেশ আগেই তিনি নিজ পদ থেকে অব্যাহতি নিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button