
কাজী নুর নবী ,জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁ সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানতে পারেন যে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২৪৪/এমপি এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট বিওপির ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নির্দেশনা অনুযায়ী আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখার কাছে ৯ জন ব্যক্তিকে শনাক্ত করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
বিজিবি জানায়, ওই ব্যক্তিরা তখনও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেননি। টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে তাদের ভারতীয় সীমান্তের দিকে ফেরত যেতে বাধ্য করা হয়।
১৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।




