
মোঃ শাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিত কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১১টায় ঝিনাইদহ কে.সি. কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কে.সি. কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।
বক্তারা বলেন, ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ায় জেলার দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আগে খুলনা বা ঢাকায় গিয়ে নানা কার্যক্রম সম্পন্ন করতে হতো, এখন ঝিনাইদহেই এসব কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ অর্জনে ঝিনাইদহবাসী অত্যন্ত আনন্দিত।
ঝিনাইদহ সরকারি কে.সি. কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে কলেজের ভূমি সম্প্রসারণ, মেডিকেল কলেজ স্থাপনসহ উন্নয়নমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি আরও বলেন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং পরিবহনের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি হবে।




